দরজায় কড়া নাড়ছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আগামী মাসেই মাঠে গড়াবে ক্রিকেটের এই বৃহৎ আসর। সাদা পোশাকের বৈশ্বিক এই ‘শিরোপা’কে সামনে রেখে টাকার থলে নিয়ে প্রস্তুত আইসিসি। বড় ভাগ পাচ্ছে বাংলাদেশও।

আগামী ১১ জুন লর্ডসে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। তার প্রায় এক মাস আগেই গতকাল বৃহস্পতিবার বেশ মোটা অঙ্কের প্রাইজমানি ঘোষণা দিয়েছে আইসিসি।

যেখানে আগের দুই আসরের তুলনায় অর্থমূল্য বেড়ে হয়েছে দ্বিগুণের বেশি। ফলে বড় অঙ্কের অর্থ পাচ্ছে ফাইনালে জায়গা করে নেয়া অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। ভাগ পাবে অংশ নেয়া বাকি দলগুলোও।

ফাইনালের প্রাইজমানি ধরা হয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার, যা বাংলাদেশী মুদ্রায় ৭০ কোটি ৭ লাখ ২৪ হাজার টাকার বেশি। যেখানে চ্যাম্পিয়ন দলের জন্যই থাকছে প্রাইজমানি ধরা হয়েছে ৩৬ লাখ ডলার।

অথচ আগের দুই আসরে চ্যাম্পিয়ন দল পেয়েছিল মাত্র ১৬ লাখ ডলার। অন্যদিকে এবারের রানার্সআপ দলই পাবে ২১ লাখ ৬০ হাজার ডলার। আগে যা ছিল মাত্র ৮ লাখ ডলার।

মোটা অঙ্কের টাকা পাচ্ছে বাংলাদেশ দলও। প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের সাত নম্বরে উঠে আসায় মিলছে পুরস্কার। যেখানে প্রথম দুই আসরে বঅবস্থান ছিল ৯ দলের মধ্যে নবম।

তবে ২০২৩-২৫ চক্রে ৪ টেস্ট জিতে বাংলাদেশ পাবে ৭ লাখ ২০ হাজার ডলার। অর্থাৎ প্রায় ৯ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অন্যদিকে তৃতীয় স্থানে থেকে ২০২৩-২৫ সার্কেল শেষ করা ভারত পাবে ১৪ লাখ ৪০ হাজার ডলার। চতুর্থ স্থানে থাকা নিউজিল্যান্ড ১২ লাখ ডলার, পঞ্চম স্থানে থাকা ইংল্যান্ড পাবে ৯ লাখ ৬০ হাজার ডলার।

ষষ্ঠ স্থানে থাকা শ্রীলঙ্কা পাবে ৮ লাখ ৪০ হাজার ডলার। অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজ ৬ লাখ ডলার আর তলানিতে থাকা পাকিস্তান পাবে ৪ লাখ ৮০ হাজার ডলার।