দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। চট্টগ্রামে আজ সোমবার প্রথম দিনে খেলছে দু’দল। যেখানে টসে জিতে আগে ব্যাট করছে জিম্বাবুয়ে।

ব্রায়ান বেনেটকে ফিরিয়ে দিনের প্রথম উপলক্ষটা এনে দেন তানজিম সাকিব। সাদা পোশাকে প্রথমবার খেলতে নেমে পঞ্চম ওভারেই পেয়ে যান উইকেটের দেখা। তার হাত ধরেই ৪১ রানে ভাঙে জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি।

৩৩ বলে ২১ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট। অবশ্য জুটি ভাঙতে পারতো আরো আগেই। মেহেদী মিরাজের বলে স্লিপে সাদমান ইসলাম ক্যাচ না ছাড়লে উপলক্ষটা আরো আগেই আসতো।

দ্বিতীয় উইকেটের পতন হয় ১৮.২ ওভারে, ৭২ রানে। ৫০ বলে সমান ২১ রান করে তাইজুল ইসলামের শিকার হন বেন কারেন। তবে নিক ওয়েলচ ধরে রেখেছেন দলের হাল। ৩২ রানে অপরাজিত থেকে শেষ করেছেন প্রথম সেশন।

নিক ওয়েলচের কল্যাণে ২ উইকেটে ৮৯ রান নিয়ে প্রথম সেশন শেষ করেছে জিম্বাবুয়ে। সাথে শন উইলিয়ামস ব্যাট করছেন ৩৪ বলে ৬ রানে।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সিলেটে জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হেরে যায় বাংলাদেশ। সেই হারে খাদের কিনারে দাঁড়িয়ে টাইগাররা। ফলে জয়ের কোনো বিকল্প নেই। সিরিজ বাঁচাতে জিততেই হবে শান্ত-মুশফিকদের।

যদিও জিতলেও জেতা হবে না সিরিজ। জিম্বাবুয়ে প্রথম ম্যাচ জিতে যাওয়ায় আছে কেবল সমতায় ফেরার সম্ভবনা। আর যদি হেরে যায় বাংলাদেশ বা ড্র করে এই টেস্ট, তবে সিরিজ জিতে যাবে জিম্বাবুয়ে।