বছরের বারো মাসই পরিবর্তনের হাওয়া বইতে থাকে পাকিস্তান ক্রিকেটে। এবার সেই হাওয়া লেগেছে টেস্ট দলে। শোনা যাচ্ছে, বদল আসতে পারে সাদা পোশাকের নেতৃত্বে। শেষ হতে পারে শান মাসুদ অধ্যায়।

শান মাসুদের নেতৃত্ব নিয়ে প্রশ্নটা পুরনো। তার অধীনে তেমন একটা সুবিধা করতে পারছে না পাকিস্তান। ১২টি টেস্ট খেলে মাত্র ৩টি জয় পেয়েছে তারা। ৯টিতেই হেরেছে শান মাসুদের দল।

এই সময়ে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ছাড়াও ঘরের মাঠে ধবলধোলাই হয়েছে বাংলাদেশের কাছেও। যার প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে। ৯ নম্বরে থেকে এবারের চক্র শেষ করেছে।

সব মিলিয়ে শান মাসুদের বিকল্প নিয়ে ভাবতে শুরু করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে সবার চেয়ে এগিয়ে সৌদ শাকিল। অভিষেকের পর থেকে ৫০-এর উপরে গড়ে রান করেছেন তিনি।

রানের এমন ধারাবাহিকতার শাকিল এরই মাঝে পাকিস্তান দলের নির্বাচকদের ভরসার জায়গা হয়ে উঠেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটেও ছিলেন ধারাবাহিক।

এদিকে সম্প্রতি পিএসএলের দশম আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে নেতৃত্ব দিয়ে টেবিলের শীর্ষে তুলেছেন শাকিল। এখন পর্যন্ত ৯ ম্যাচে ৬টি জয় পেয়েছে কোয়েটা।

চাপের মধ্যে তার কৌশলগত দূরদর্শিতা ও পরিণত নেতৃত্বই মূলত পিসিবির কাছে ইতিবাচক বার্তা পাঠিয়েছে। যা তাকে নিয়ে ভাবতে বাধ্য করছে পিসিবিকে। যদিও সঠিক সিদ্ধান্ত নেয়ার এখনো অনেক সময় পাচ্ছে তারা।

পাকিস্তান জাতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পূর্ণাঙ্গ এই সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। সেই সিরিজকে সামনে রেখে নতুন করে ভাবতে পারে পিসিবি।