আগেই জানা গিয়েছিলো, চলতি মাসে পাকিস্তান যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এফটিপি সূচি অনুযায়ী, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। তবে পরবর্তীতে তা বদলে যায় ৫ টি-টোয়েন্টিতে।

আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও পাকিস্তান। সেই অনুযায়ী আজ (বুধবার) সিরিজের সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সামাজিক যোগাযোগমাধ্যমে পিসিবি প্রকাশিত সূচিতে দেখা যায়, আগামী ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ফয়সলাবাদ ও লাহোরে এই সিরিজটি অনুষ্ঠিত হবে। প্রথম দু’টি ম্যাচ ফয়সালাবাদ ও শেষ তিনটি ম্যাচ হবে লাহোরে।

এই সিরিজ দিয়ে ১৭ বছর পর ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। এই মাঠে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে ২০০৮ সালের এপ্রিলে, সেটাও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে।

সূচি অনুযায়ী, ২৫ মে ও ২৭ মে প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে ফয়সালাবাদে পাকিস্তানের আতিথ্য নেবে টাইগাররা। আর ৩০ মে, ১ জুন ও ৩ জুন লাহোরে গড়াবে দুই দলের শেষ তিন লড়াই।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, এই সিরিজকে সামনে রেখে আগামী ৫ মে থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ১০ দিনের মতো চলবে এই ক্যাম্প। আবহাওয়া এবং সফরের ধকল এড়াতে পুরো ক্যাম্পই ঢাকায় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরপর তারা উড়াল দিবে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে। সেখানে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। মোহাম্মদ ওয়াসিমদের বিপক্ষে এই সিরিজটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রদত্ত এফটিপির বাইরে।

আরব আমিরাতের বিপক্ষে ১৮ ও ২০ মে দু’টি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে বাংলাদেশের। সেখানে খেলা শেষ করে ২১মে পাকিস্তানের উদ্দেশে আমিরাত ছাড়বেন নাজমুল হোসেন শান্তরা।