আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর ২৩ জুন সারা বিশ্বব্যাপী জাতীয় অলিম্পিক কমিটিগুলো বিভিন্ন কার্যক্রম আয়োজনের মাধ্যমে অলিম্পিক ডে উদযাপন করে থাকে। এ বছর বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) কর্তৃক অলিম্পিক ডে উদযাপনের অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার একটি বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়েছে।

র‌্যালি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ’র সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

ক্রীড়াবিদসহ জনসাধারণকে শরীরচর্চা ও ক্রীড়া বিষয়ক কর্মকান্ডে উদ্বুদ্ধ করা এবং একইসাথে অন্যকে উৎসাহিত করার লক্ষ্যে অলিম্পিক ডে ২০২৫-এর মূল প্রতিপাদ্য হিসেবে ‘ÔLet’s Move’ স্লোগান ব্যবহার করা হবে।

আগামীকাল কেন্দ্রীয়ভাবে ঢাকায় এবং একইসাথে বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর সহযোগিতায় ৭টি বিভাগীয় শহরে সর্বস্তরের জনগণের অংশগ্রহণে যথাযোগ্যভাবে অলিম্পিক ডে ২০২৫ উদযাপন করা হবে। ঢাকায় আয়োজিত র‌্যালিটি সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও-জাতীয় স্টেডিয়ামের ১নং গেট হয়ে জাতীয় স্টেডিয়াসে এসে শেষ হবে।

র‌্যালিটিতে বিভিন্ন জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদ, প্রশিক্ষক, সংগঠক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ, জাতীয় ক্রীড়া পরিষদের কর্মকর্তাসহ সামরিক বেসামরিক বিভিন্ন সংস্থা থেকে দুই হাজারেরও বেশি ক্রীড়াপ্রেমী মানুষ অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

র‌্যালি শেষে বাংলাদেশ সেনাবহিনী অর্কেষ্ট্রা দল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করবেন এবং উপস্থিত অলিম্পিয়ানদের বিশেষ সম্মাননার সাথে সার্টিফিকেট প্রদান করা হবে।

এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পাশাপাশি বিওএকে আর্থিক সহায়তা করছে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং শেলটেক প্রাইভেট লিমিটেড।