নানা নাটকীয়তা, ভারতের টালাবাহানা আর ভেন্যু নিয়ে অনিশ্চয়তা শেষে আলোর মুখ দেখছে এশিয়া কাপ। কেটেছে ধোঁয়াশা, ঘোষণা হয়েছে আসর শুরুর দিনক্ষণ।

আগামী ৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে এশিয়ার ক্রিকেট শ্রেষ্ঠত্বের এই আসর। ভারত নয়, আরব আমিরাতেই হবে এই টুর্নামেন্ট। শিরোপা নির্ধারণী ফাইনাল হবে ২৮ সেপ্টেম্বর।

শনিবার (২৬ জুলাই) এসিসি চেয়ারম্যান মহসিন নাকভি এক টুইটের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।

নাকভি টুইট করে লিখেছেন, ‘আমি আনন্দের সাথে নিশ্চিত করছি যে, এশিয়া কাপ ২০২৫ আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।’

‘এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টটি আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমরা দুর্দান্ত ক্রিকেট প্রদর্শনীর অপেক্ষায় রয়েছি! বিস্তারিত সূচি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, এশিয়া কাপের সূচি মূলত আটকে ছিল ভারতের সাথে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ভূ-রাজনৈতিক টানাপোড়েন ও কূটনৈতিক উত্তেজনার কারণে। তবে অবশেষে একটি সমাধান হলো।

ভেন্যু ভারত থেকে সরে গেলেও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াই (বিসিসিআই) থাকছে এশিয়া কাপের আয়োজক। তারাই খসড়া সূচি তৈরি করছে এই টুর্নামেন্টের।

আগেই জানানো হয়েছে, এবারের এশিয়া কাপে খেলবে আট দল। ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, সংযুক্ত আরব আমিরাতের সাথে থাকছে ওমান।

১৯টির মতো ম্যাচ হতে পারে এই টুর্নামেন্টে। সবগুলো ম্যাচ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। মূলত আগামী বছর ভারতে ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই দেখা হচ্ছে এশিয়া কাপকে।