মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ন্যাশনাল অ্যারোনটিকস্ অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসার আর্টেমিস অ্যাকর্ডসে স্বাক্ষর করেছে বাংলাদেশ।

এর মধ্য দিয়ে ৫৪তম দেশ হিসেবে ‘আর্টেমিস অ্যাকর্ডস’ এ যুক্ত হলো বাংলাদেশ।

বাংলাদেশের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বাসস জানিয়েছে, এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ বৈশ্বিক মহাকাশ গবেষণা, মহাকাশ ঐতিহ্য সংরক্ষণ এবং মহাকাশ সম্পদের দায়িত্বশীল ব্যবহারে নিজেকে সম্পৃক্ত করল; যা দেশের জাতীয় উন্নয়ন লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘এই স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা হলো। এর মাধ্যমে বাংলাদেশ তার মহাকাশ গবেষণা কার্যক্রমকে আরো বেগবান করতে পারবে।’

নাসার ওয়েবসাইটে বলা হয়েছে, মহাকাশে অসামরিক অনুসন্ধানে এবং মহাকাশ ব্যবহারের ক্ষেত্রে কিছু সাধারণ নীতিমালার সমাহার হচ্ছে আর্টেমিস অ্যাকর্ডস্। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের সাথে সমন্বিতভাবে এটি প্রণয়নের উদ্যাগটি নেয় নাসা। প্রাথমিকভাবে সাতটি দেশ স্বাক্ষর করার মধ্য দিয়ে ২০২০ সালে অ্যাকর্ডস-এর যাত্রা শুরু হয়।

সূত্র : বিবিসি

আর্টেমিস অ্যাকর্ডস স্বাক্ষরকারী অন্যান্য দেশের সাথে বাংলাদেশের পতাকাও যুক্ত করেছে নাসা