নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে মঙ্গলবার ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তবে শক্তিশালী এই ভূমিকম্পের জেরে কোনো সুনামি সতর্কতা জারি করা না হলেও জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা সাউথল্যান্ড ও ফিওর্ডল্যান্ড অঞ্চলের বাসিন্দাদের সমুদ্র সৈকত ও উপকূলীয় এলাকা থেকে দূরে থাকতে বলেছে।
সরকারি ভূকম্পন পর্যবেক্ষণকারী সংস্থা জিওনেট জানিয়েছে, চার হাজার ৭০০ জনেরও বেশি মানুষ ভূমিকম্প অনুভব করেছেন। কম্পনের সময় জিনিসপত্র পড়ে যেতে ও ভবনগুলোতে কম্পনের খবর জানিয়েছে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যমগুলো।
জিওনেট এক সতর্কতা বার্তায় জানিয়েছে, নিউজিল্যান্ডের সাব-অ্যান্টার্কটিক দ্বীপপুঞ্জের সবচেয়ে উত্তরে অবস্থিত স্নারেস দ্বীপপুঞ্জের প্রায় ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি আগে ৭ মাত্রার ছিল। পরে তা কমিয়ে আনা হয়। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ঘটেছে।
এদিকে অস্ট্রেলিয়ার জাতীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, মূল ভূখণ্ড, দ্বীপপুঞ্জ বা অঞ্চলগুলোতে সুনামির কোনো হুমকি নেই।
উল্লেখ্য, নিউজিল্যান্ড ভূমিকম্পগতভাবে সক্রিয় ‘রিং অফ ফায়ারে’ অবস্থিত। এটি প্রশান্ত মহাসাগরের বেশিভাগ অংশকে ঘিরে রেখেছে।
সূত্র : রয়টার্স