ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সোমবার ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন।
তিনি বলেছেন, এটি ‘সম্ভাব্য বিপর্যয়কর’ পরিণতি এড়াতে সহায়তা করেছে।
বিভিন্ন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মেলোনি চলতি মাসের শুরুতে ‘পাশ্চাত্য বিশ্বের মধ্যে বাণিজ্যযুদ্ধ’ সম্পর্কে সতর্ক করেন।
ইথিওপিয়ায় এক শীর্ষ সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মেলোনি বলেন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়লে, তা অনিশ্চিত ও সম্ভাব্য ধ্বংসাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারত। তবে তিনি বলেন, চুক্তির বিষয়ে এখনো ‘বিস্তারিত অধ্যয়ন’ করতে হবে।
রোম থেকে এএফপি জানায়, এর আগে ট্রাম্প ও ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন স্কটল্যান্ডে এই চুক্তি ঘোষণা করেন। এ চুক্তির আওতায় ইইউ রফতানি পণ্যের ওপর ১৫ শতাংশ হারে শুল্ক আরোপ করা হবে।
এ চুক্তির পর এক প্রতিক্রিয়ায় মেলোনি বলেন, এই চুক্তিটি সম্পন্ন হওয়াকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।
ডানপন্থী ইতালীয় এই নেতা বলেন, রোম বিষয়টি খতিয়ে দেখবে, বিশেষ করে কিছু কৃষিপণ্যের ক্ষেত্রে কোনো ছাড় পাওয়া সম্ভব কি না।
সূত্র : এএফপি