সুটেকেসে ভরা শিশুর নিথর, নগ্ন দেহ! বন্ধ ফ্ল্যাট থেকে মেয়ের দেহ উদ্ধার করলেন তার বাবা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ভারতের উত্তর-পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নয় বছরের ওই শিশু আত্মীয়ের সাথে দেখা করতে তার বাড়ি যায়। বাড়িতে জানিয়ে যায়, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরবে। কিন্তু দু’ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যেরা।

খোঁজাখুঁজি শুরু করে তার বাবা। ওই আত্মীয়ের বাড়ি খবর নেন, এলাকার চেনাপরিচিত সকলের সাথে কথা বলেন, কিন্তু মেয়ের কোনো খোঁজ মেলেনি। সেই সময়ই এক পরিচত ব্যক্তি তাকে জানান, শিশুটিকে কাছেই একটি ফ্ল্যাটের দিকে যেতে দেখেছেন।

খবর শোনা মাত্রই ওই ফ্ল্যাটে মেয়ের খোঁজে যান তার বাবা। সেখানে গিয়ে দেখেন, দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট বাইরে থেকে তালাবন্ধ। তখন সেই ফ্ল্যাটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে ওই ব্যক্তি দেখেন, মেঝেতে রাখা একটি খোলা সুটকেস। আর তার ভেতরে নগ্ন এবং নিশ্চল অবস্থায় পড়ে রয়েছে তার মেয়ে।

দ্রুত ওই অবস্থা থেকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

দিল্লি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, শনিবার রাত ৮টা ৪১ মিনিট নাগাদ দয়ালপুর থানায় পিসিআর কলে ঘটনার কথা জানানো হয়। খবর পেয়েই নেহরু বিহারের ২ নম্বর গলিতে একটি দল পাঠানো হয়। চিকিৎসকেরা নাবালিকার মুখে আঘাতের চিহ্ন পেয়েছেন। যৌন নির্যাতনের সম্ভাবনাও রয়েছে বলে প্রাথমিক অনুমান করা হয়েছে।

তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত স্পষ্ট করে কিছু জানাচ্ছে না পুলিশ।

ইতোমধ্যেই ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। একইসাথে অভিযুক্তের খোঁজ চলছে।

সূত্র : আনন্দাবাজার পত্রিকা