দিল্লিতে বাড়ি ধসে একাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবান ভোরে দিল্লির মুস্তাফাবাদ এলাকায় এই ঘটনা ঘটে। অনুমান করা হচ্ছে, দিল্লিতে চলতে থাকা টানা বৃষ্টির জেরে এই চারতলা বাড়িতে ধস নেমে থাকতে পারে।

এদিকে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে চারজনের লাশ। আরো বেশ কয়েকজন নিচে আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ও পুলিশের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

দিল্লির উত্তর-পূর্ব জেলার অতিরিক্ত ডিসিপি সন্দীপ লাম্বা নিশ্চিত করেছেন যে এখন পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একাধিক জনের মৃত্যু ঘটেছে। আরো কয়েকজন আটকা পড়ে আছেন ধ্বংসস্তূপের নিচে। তিনি বলেন, ‘ভোর ৩টার দিকে এই ঘটনা ঘটে। ১৪ জনকে উদ্ধার করা গেলেও তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। এটি একটি চারতলা ভবন ছিল... উদ্ধারকাজ এখনো চলছে। এখনো ৮-১০ জন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।’

সংবাদ সংস্থা এএনআইয়ের শেয়ার করা একটি সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে মর্মান্তিক মুহূর্তটি।

ডিভিশনাল ফায়ার অফিসার রাজেন্দ্র আটওয়াল জানিয়েছেন, শনিবার রাত ২টা ৫০ মিনিট নাগাদ বাড়ি ধসের খবর আসে। তিনি বলেন, ‘রাত ২টা ৫০ মিনিটের দিকে আমাদের কাছে একটি ফোন আসে যে একটি বাড়ি ধসে পড়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছে জানতে পারি যে পুরো ভবনটি ধসে পড়েছে এবং লোকেরা ধ্বংসস্তূপের নীচে আটকা পড়েছে ... এনডিআরএফ, দিল্লি ফায়ার সার্ভিস মানুষকে উদ্ধারের কাজ করছে।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল থেকে দিল্লিতে আচমকা আবহাওয়ার পরিবর্তন দেখা যায়। রাতে দিল্লিতে ভারী বৃষ্টিপাত ও বজ্রপাতের জেরে শহরের বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে যায়। এই আবহে বৃষ্টির কারণেই এই ভবনটি ধসে গিয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এর আগে গত সপ্তাহে প্রবল ধূলিঝড়ের সময় মধু বিহার থানার কাছে একটি নির্মীয়মাণ ভবনের দেয়াল ধসে একজন নিহত ও দু’জন আহত হয়েছিলেন।

সূত্র : হিন্দুস্তান টাইমস