বাকস্বাধীনতার অধিকার থাকলেই কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অনুমতি নেই বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার (৩ জুন) পুণের ছাত্রী শর্মিষ্ঠা পানোলির মামলার শুনানি চলাকালীন এই মন্তব্য করে উচ্চ আদালত। শর্মিষ্ঠা অপারেশন সিঁদুরের প্রশংসা করতে গিয়ে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর শুরু হয় তীব্র বিতর্ক। পরে কলকাতার একটি থানায় তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়।
ওই মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্ট আরো বলে, ‘আমাদের দেশের (ভারত) একটি অংশের ভাবাবেগে আঘাত লেগেছে। সকলেরই বাকস্বাধীনতা রয়েছে, কিন্তু তার অর্থ এই নয় যে অন্যদের ভাবাবেগে আঘাত করতে পারেন। আমাদের দেশ বৈচিত্র্যে ভরা।’
মঙ্গলবারের শুনানিতে শর্মিষ্ঠার জামিন মঞ্জুর করেনি আদালত। সেই সাথে আদালত জানিয়েছে, শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে গার্ডেনরিচ ছাড়া বাকি যে এফআইআরগুলো হয়েছে সেগুলোর ভিত্তিতে কোনো পদক্ষেপ নেয়া যাবে না। এই একই অভিযোগের ভিত্তিতে আর নতুন করে কোনো এফআইআর করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। ৫ জুন পরবর্তী শুনানি হবে এই ইস্যুতে, ওইদিন কেস ডায়েরি পেশ করতে বলা হয়েছে রাজ্যকে।