ভারতের উত্তরাখণ্ডের মাদরাসাগুলোর পাঠ্যসূচিতে ‘অপারেশন সিঁদুর’ অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
মঙ্গলবার (২০ মে) হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এরই মধ্যে বিজেপি-শাসিত রাজ্যটির মাদরাসা শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মুফতি শামুন কাসেমি দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাথে দেখা করার পর এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মুফতি শামুন কাসেমি জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসলমানদের একটি প্রতিনিধি দল প্রতিরক্ষামন্ত্রীর সাথে দেখা করার পর অপারেশন সিঁদুরের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে।
তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে এই বার্তা পৌঁছে দিয়েছি যে আমরা তার সাথে রয়েছি। ১৪০ কোটি মানুষের দেশ তার পাশে দাঁড়িয়ে আছে।’
মুফতি কাসেমি জানান, অপারেশন সিঁদুর থেকে অনুপ্রেরণা নিয়ে মাদরাসায় আধুনিক শিক্ষার সাথে পাঠ্যক্রমে এই অভিযানটি অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
এর মধ্যে থাকবে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা এবং দেশের প্রতি তাদের নিষ্ঠার অনুপ্রেরণামূলক গল্প। উত্তরাখণ্ডজুড়ে ৪৫১টি নিবন্ধিত মাদরাসায় ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে। তাদের অপারেশন সিঁদুর সম্পর্কে পড়ানো হবে। দ্রুতই উত্তরাখণ্ডের মাদরাসাগুলোর পাঠ্যক্রমে এই অধ্যায় অন্তর্ভুক্ত করা হবে।
মুফতি শামুন কাসেমি পাকিস্তানকে ‘অপবিত্র দেশ’ আখ্যা দিয়ে বলেন, যেভাবে পাকিস্তানের ‘সন্ত্রাসীরা’ পেহেলগামে হামলা চালিয়েছে, নিরস্ত্র পর্যটকদের হত্যা করেছে, তার জন্য তাদেরকে একটি শিক্ষা দেয়া প্রয়োজন ছিল।
তিনি জানান, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে নতুন এই অধ্যায়টি পড়ানো হবে মাদরাসায়। প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ক্লাসে অপারেশন সিঁদুর অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়াও, মাদরাসাগুলোতে ফজরের নামাজের সময়ও অপারেশন সিঁদুর সম্পর্কে সচেতন করা হবে।
মাদরাসা বোর্ডের চেয়ারম্যান আরো বলেছেন, মাদরাসার পাঠ্যক্রমে অপারেশন সিঁদুর অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য খুব শিগগিরই পাঠ্যক্রম কমিটির একটি সভা ডাকা হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস