ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর থেকে বিশেষ বিমানে করে কথিত অবৈধ বাংলাদেশী হিসেবে চিহ্নিত ১৪৮ জনকে বুধবার ফেরত পাঠানোর জন্য কলকাতায় নিয়ে আসা হচ্ছে।
রাজস্থানে গত কয়েকদিন ধরেই কথিত ‘বাংলাদেশী অনুপ্রবেশকারী’ সন্দেহে বাংলাভাষী মুসলমানদের আটক করা হচ্ছে। এদের মধ্যে পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের বাংলাভাষী মুসলমানরাও আছেন।
রাজস্থান পুলিশ বলেছে, এখন পর্যন্ত ১০০৮ জনকে আটক করা হয়েছিল, তার মধ্যে ৭৬১ জনকে ‘বাংলাদেশী’ বলে চিহ্নিত করতে পেরেছে তারা।
এদেরই বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হলো বুধবার।
রাজস্থান থেকে বিবিসির সহযোগী সংবাদদাতা মোহর সিং মীণা জানাচ্ছেন, প্রথম ধাপে ১৪৮ জনকে ফেরত পাঠানোর জন্য যোধপুরে বিমান বাহিনীর ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কলকাতা হয়ে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর কথা আছে বলে রাজস্থান পুলিশের সূত্রগুলো বিবিসিকে জানিয়েছে।
সূত্র : বিবিসি