যুক্তরাষ্ট্র আর ভারতের মধ্যে এক প্রস্তাবিত বাণিজ্য চুক্তি নিয়ে যে আলোচনা চলছে, তার অগ্রগতি নিয়ে আলাপ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাতে এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে, দুই শীর্ষ নেতাই বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে সন্তুষ্ট।
ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে দুই নেতা ‘ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির আলোচনা নিয়ে যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাতে সন্তুষ্ট। এই চুক্তিটি দুই দেশের মানুষের কল্যাণের দিকে নজর রেখেই করা হচ্ছে।’
‘একইভাবে শক্তি, প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তিসহ অন্যান্য ক্ষেত্রেও সহযোগিতার বিষয় নিয়েও কথা হয়েছে,’ বলা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
দুই দেশের পারস্পরিক স্বার্থ আছে, এমন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়েও ভান্স ও মোদি আলোচনা করেছেন বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবারই চার দিনের ভারত সফরে এসেছেন জেডি ভান্স। তার সাথে তার ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভান্স এবং তিন পুত্র-কন্যাও এসেছেন।
সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে সপরিবারেই নিমন্ত্রিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট।
নরেন্দ্র মোদি ভান্সের পরিবারকে ব্যক্তিগতভাবে অভ্যর্থনা জানান। সামাজিক মাধ্যমে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে ভান্স এবং তার পরিবারকে নিজের বাসভবন ঘুরিয়ে দেখাচ্ছেন।
ভারত-মার্কিন আনুষ্ঠানিক বৈঠকের পরে মোদির বাড়িতেই রাতের খাওয়া সারেন ভান্স পরিবার।
দিল্লি ছাড়াও আগ্রা এবং জয়পুরে যাবেন জেডি ভান্স ও তার পরিবার।
সূত্র : বিবিসি