ভারত সফররত যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ঘোষণা করেছেন, দু’দেশের মধ্যে যে বাণিজ্য আলোচনা হতে চলেছে, তার শর্তাবলী চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার রাজস্থানের জয়পুরে এক ভাষণে তিনি এ ঘোষণা করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত বাড়তি হারে শুল্ক আপাতত স্থগিত করা হয়েছে। আর তারপরেই ভারতসহ বেশ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্রের সাথে দ্রুত বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে এগিয়েছে।

ভারত থেকে যুক্তরাষ্ট্রে রফতানিকৃত পণ্যের ওপরে ২৭ শতাংশ শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন।

ভান্স তার ভাষণে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লক্ষ্য পূরণে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কারণ আমাদের দু’রাষ্ট্রের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার একটা দিশা এখন স্পষ্ট হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘টাফ নেগশিয়েটর’, অর্থাৎ দর কষাকষিতে দক্ষ বলেও উল্লেখ করেছেন ভাইস প্রেসিডেন্ট ভান্স।

জয়পুরে দেয়া ভাষণে তিনি জানান, জ্বালানি শক্তি এবং প্রতিরক্ষা খাতে ভারতকে আরো পণ্য বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র।

জেডি ভান্স সোমবার সপরিবারে চার দিনের সফরে ভারতে পৌঁছেছেন। তার স্ত্রী উষা ভান্স ভারতীয় বংশোদ্ভূত হলেও জেডি ভান্সের এটাই প্রথম ভারত সফর।

প্রথমদিন দিল্লিতে কাটানোর পরে মঙ্গলবার সপরিবারে রাজস্থানের জয়পুরে গেছেন তিনি।

এর আগে, সোমবার রাতে নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে দুই আনুষ্ঠানিক বৈঠকে বসেছিলেন ভান্স। এরপরে আগ্রায় যাওয়ার পরিকল্পনা আছে ভান্স পরিবারের।

সূত্র : বিবিসি