উত্তর কোরিয়া একদিনে ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে এসব মাল্টিলঞ্চার মিসাইল ছোড়া হয়।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। তবে তারা মিসাইলগুলো নিয়ে বিস্তারিত কিছু জানায়নি।

জাতিসঙ্ঘের নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর কোরিয়া নিয়মিতভাবে এমন মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে।

একই দিন ইরানের ওপর ইসরাইলের সাম্প্রতিক বিমান হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ ধরনের হামলা ইরানের সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।

দেশটির সরকারি বার্তা সংস্থা কেসিসিএনএ এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরাইল মধ্যপ্রাচ্যের জন্য একটি ক্যান্সারসদৃশ সত্তা এবং বৈশ্বিক শান্তির জন্য হুমকি। উত্তর কোরিয়ার ভাষ্য অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিগুলোর পৃষ্ঠপোষকতায় ইসরাইল এ ধরনের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরাইল ইরানের রাজধানী তেহরানে বিমান হামলা চালায়। এতে সামরিক ও পারমাণবিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পাশাপাশি ইরানের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন। পাল্টা জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইলের বিভিন্ন স্থানে। এই সঙ্ঘাত এখন পর্যন্ত ছয় দিন ধরে চলছে।

সূত্র : রয়টার্স