রোমান ক্যাথলিক চার্চের প্রধান পোপ ফ্রান্সিস গাজায় ইসরাইলি হামলা বন্ধ এবং ‘নির্দিষ্ট যুদ্ধবিরতি’ কার্যকর করার আহ্বান জানিয়েছেন।
রোববার অ্যাঞ্জেলাস প্রার্থনায় তিনি বলেন, ‘গাজা উপত্যকায় ইসরাইলি তীব্র বোমাবর্ষণ পুনরায় শুরু হওয়ায় আমি দুঃখিত। সেখানে বহু মানুষ নিহত ও আহত হয়েছে।’
পাঁচ সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে থাকার পর মুক্তি পাওয়া ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস আরো বলেন, ‘আমি অনুরোধ করছি, অবিলম্বে অস্ত্রবিরতি কার্যকর করা হোক এবং সংলাপ পুনরায় শুরু করা হোক, যাতে সকল বন্দীকে মুক্ত করা যায় এবং একটি স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো যায়।’
তিনি গাজার মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গাজা উপত্যকার মানবিক সঙ্কট চরমে পৌঁছেছে। এই সঙ্কট মোকাবেলায় বিরোধপূর্ণ পক্ষগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি উদ্যোগ প্রয়োজন।’
সূত্র : আল জাজিরা