গাজায় অনেক মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবুধাবি সফর শেষে ট্রাম্প বলেন, ‘আমরা গাজার দিকে নজর রাখছি এবং সেখানকার দেখভাল করবো। অনেক মানুষ সেখানে অভুক্ত।’
বৃহস্পতিবার মধ্যরাত থেকে ইসরাইলের বিমান হামলায় গাজায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা।
তারা বলছে, আরো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে এবং হামলা অব্যাহত রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় দফায় দায়িত্ব নেয়ার পর ট্রাম্প প্রথম বিদেশ সফর হিসেবে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে সফর করেছেন, তবে ইসরাইল এই তালিকায় নেই। ১৮ মার্চ থেকে ইসরাইল পুনরায় হামলা শুরুর পর গাজায় অন্তত ২ হাজার ৮৭৬ মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে গত বছর বিশ্বে ২৯ কোটি ৫০ লাখের বেশি মানুষ তীব্র ক্ষুধার মুখোমুখি হয়েছিল, বিভিন্ন স্থানে সংঘাত ও সঙ্কটের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ২০২৫ সালেও এ অবস্থার কোনো পরিবর্তন হবে না বলে আশঙ্কা মানবাধিকার দাতব্য সংস্থাগুলোর।
শুক্রবার জাতিসঙ্ঘ সমর্থিত গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস এর প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ২০২৩ সালে এই সংখ্যাটা ছিল ২৮ কোটি ১৬ লাখ।