ইসরাইলের শিন বেট নিরাপত্তা সংস্থা ও পুলিশ নেটিভোট শহর থেকে ৬৫ বছর বয়সী এক ইসরাইলি নাগরিককে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইরানি গোয়েন্দা সংস্থার জন্য গুপ্তচরবৃত্তি ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছিলেন এবং এর বিনিময়ে মোটা অঙ্কের অর্থ গ্রহণ করেছিলেন।

আর্মি রেডিওর প্রতিবেদনে জানানো হয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে ইরানের সাথে যুক্ত গুপ্তচরবৃত্তির ঘটনাগুলোর মধ্যে এটি ১৭তম। অভিযুক্ত ব্যক্তি সংবেদনশীল স্থানে নজরদারি চালান, যার মধ্যে হাইফা বন্দর, শহরের তেল শোধনাগার এবং ডিমোনা পারমাণবিক চুল্লি অন্তর্ভুক্ত।

শিন বেট ও পুলিশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, ফেব্রুয়ারি মাসে সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাকে শত্রু রাষ্ট্রের সংস্থার সাথে যোগাযোগ এবং তাদের নির্দেশে মিশন পরিচালনার অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নিরাপত্তা-সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা করা হয়েছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর