ইসরাইলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সাথে ৭.৫ মিলিয়ন ডলারের একটি অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন। বামপন্থী জোটের সহযোগীদের চাপের কারণে স্পেন সরকার চুক্তিটি বাতিল করতে বাধ্য হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
স্পেনের বামপন্থী দল সুমার হুমকি দিয়েছিল, চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকারি জোট থেকে বেরিয়ে যাবে। এরপরই দেশটির সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চুক্তিটি বাতিল করেন।
বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র আল জাজিরাকে বলেন, ‘আলোচনার সব পথ শেষ করার পর প্রধানমন্ত্রী, উপ-প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইসরাইলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সাথে চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলি আগ্রাসন শুরুর পর স্পেন ইসরাইলের সমালোচনা করে এবং দেশটির কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার প্রতিশ্রুতি দেয়। স্পেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বলে, তারা ইসরাইলের থেকে অস্ত্র কিনবে না। কিন্তু একই মাসে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএমআই সলিউশনের সাথে ১৫ মিলিয়ন রাউন্ড গোলাবারুদ কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। এ গোলাবারুদ স্পেনের আধা-সামরিক পুলিশ বাহিনী সিভিল গার্ডের জন্য কেনা হচ্ছিল।
তবে সুমারের পাঁচজন মন্ত্রীর প্রতিবাদের পর স্প্যানিশ সরকার চুক্তি বাতিল করা সম্ভব কিনা তা খতিয়ে দেখা শুরু করে।
স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, ‘২০২৪ সালের অক্টোবরে চুক্তির সম্ভাব্য সমাপ্তি নিয়ে পর্যবেক্ষণ শুরু হয়েছিল। পর্যবেক্ষণের পর মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবীর সুপারিশ অনুসরণ করার সিদ্ধান্ত নেয়।’
বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান এড়াতে অস্ত্র চুক্তি বাতিল করার ছয় মাস পর তারা এটি নিয়ে এগিয়ে যাবে।