ইসরাইলের সাম্প্রতিক হামলায় নিহত বেড়ে ৬৩৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে আজকেই অন্তত ৩৫ জন নিহত হয়েছে। রোববার (২৩ মার্চ) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, আজ ইসরাইলি হামলায় ৩৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা আল জাজিরাকে জানিয়েছেন, রাফাহ শহরের পশ্চিমে তাল আস-সুলতান এলাকা ছেড়ে যাওয়ার সময় বাস্তুচ্যুত মানুষদের উপর ইসরাইলি ড্রোন হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবরে শুরু হয় চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ। এতে ইসরাইলি আগ্রাসনে অন্তত ৪৬ হাজার ৯১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ১৭ হাজার ৪৯২টি শিশু রয়েছে। এ সময় আরো ১১ হাজার ১৬০ জন নিখোঁজ হয়েছে। এছাড়া লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছে।
যুদ্ধবিরতির সময় অঙ্গীকার লঙ্ঘন করে ইসরাইল ফিলিস্তিনি হামলা অব্যাহত রাখে। এতে অন্তত ১৭০ ফিলিস্তিনি নিহত হয়। এছাড়া দুই হাজারের বেশি আহত হয়। আর সাম্প্রতিক হামলায় নিহত বেড়ে ৬৩৫ জনে পৌঁছেছে।
সূত্র : আল জাজিরা