ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা সম্প্রতি ইসরাইলের দিকে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দায় স্বীকার করেছে। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে তারা জানিয়েছে যে, নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে। হাউছিদের দাবি অনুযায়ী, এই অভিযান সফলভাবে তার নির্ধারিত লক্ষ্য অর্জন করেছে।

হাউছিদের ঘোষণায় বলা হয়েছে যে ইসরাইলের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দর এবং দক্ষিণ ইসরাইলে অবস্থিত একটি সামরিক লক্ষ্যবস্তু ছিল তাদের হামলার মূল লক্ষ্য। ইসরাইল অবশ্য আগেই জানিয়েছিল যে ইয়েমেন থেকে ছোড়া দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এছাড়া হাউছি বিদ্রোহীরা দাবি করেছে যে তারা লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ট্রুম্যানের নেতৃত্বে থাকা শত্রু যুদ্ধজাহাজের বিরুদ্ধে বেশ কয়েকটি ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে।

হাউছি বিদ্রোহীদের বিবৃতিতে আরো বলা হয়েছে, গত কয়েকদিন ধরে সংঘাত এবং পাল্টা আক্রমণ অভিযানের ফলাফলের মধ্যে রয়েছে দক্ষিণ লোহিত সাগর অঞ্চলের দিকে শত্রুদের যুদ্ধজাহাজ অগ্রসর করার প্রচেষ্টা ব্যর্থ করা এবং সমুদ্র থেকে অভিযান ও গোলাবর্ষণের মাধ্যমে আমাদের দেশের বিরুদ্ধে আগ্রাসন সম্প্রসারণের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করা।"

এই সামরিক উত্তেজনা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলেছে এবং আন্তর্জাতিক মহলে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সূত্র : আল জাজিরা