ইসরাইলি সেনাবাহিনী রোববার ভোরে জানিয়েছে, দেশটির বেশ কয়েকটি এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠার পর তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
জেরুসালেম থেকে ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ’ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরাইলি ভূখণ্ডে প্রবেশ করার আগেই ইসরাইলি বিমান বাহিনী তা প্রতিহত করেছে।’
এর আগে ইসরাইলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন বাজানো হয়।
ইরান-সমর্থিত গোষ্ঠীটি এই সপ্তাহে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দাবি করার পর ইসরাইল ও হাউছিদের মধ্যে উত্তেজনার অংশ হিসেবে সর্বশেষ এই বাধা।
মঙ্গলবার থেকে গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরাইলের নতুন করে আক্রমণ শুরু হওয়ার পর হাউছিরা ফিলিস্তিনিদের সমর্থনে আক্রমণ আরো বাড়ানোর হুমকি দেয়।
শুক্রবার রাতে ইসরাইলি সেনাবাহিনীও জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এদিকে, হাউছিরা শনিবার ভোরে জানিয়েছে, তারা ইসরাইলের বেন গুরিওন বিমানবন্দরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে। এটিকে দুইদিনের মধ্যে তৃতীয়বারের মতো উৎক্ষেপণ বলে অভিহিত করেছে তারা।
হাউছির এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ’ইসরাইলি আকাশসীমা অনিরাপদ থাকবে’।
গত সপ্তাহে ইয়েমেনের হাউছিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা শুরু করেছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হাউছিদের সম্পূর্ণরূপে নির্মূল করা হবে। তিনি তেহরানকে হাউছিদের জন্য সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছেন।
সূত্র : বাসস