সিরিয়ার স্থানীয় সরকার ও যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, সিরিয়ার দক্ষিণে ইসরাইলের বোমা হামলায় নয়জন নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী এই সময় বন্দুকধারীদের গুলিবর্ষণের জবাব দিচ্ছিল।

স্থানীয় সরকারের টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দামেস্ক থেকে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ‘ইসরাইলি অনুপ্রবেশের পর এই গোলাবর্ষণ করা হয়। দখলদার বাহিনী প্রথমবারের মতো এত গভীরে অগ্রসর হয়েছে।’

এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এলাকার মসজিদগুলো ইসরাইলি অনুপ্রবেশের বিরুদ্ধে জিহাদের ডাক দেয়ার পর সিরিয়ার স্থানীয় বন্দুকধারীরা ইসরাইলি বাহিনীর মুখোমুখি হওয়ার চেষ্টা করলে তারা নিহত হন।

অপরদিকে ইসরাইলি সেনাবাহিনী জানায়, তাদের বাহিনী নাওয়ার কাছে তাসিল এলাকায় অভিযান পরিচালনা করে ‘অস্ত্র জব্দ করে ও সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করে। এই সময় বেশ কয়েকজন বন্দুকধারী তাদের বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়।

একজন মুখপাত্র বলেন, ‘ইসরাইলি সেনারা তাদের ওপর গুলি চালিয়ে জবাব দেয় এবং স্থল ও আকাশ থেকে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে হত্যা করে। তবে এতে কোনো ইসরাইলি হতাহত হয়নি।’

ওই মুখপাত্র আরো বলেন, ‘আইডিএফ সিরিয়ায় সামরিক হুমকির অস্তিত্ব থাকতে দেবে না এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফেব্রুয়ারিতে দক্ষিণ সিরিয়াকে সম্পূর্ণরূপে নিরস্ত্রীকরণের দাবি জানিয়ে বলেন, তার সরকার ইসরাইলি ভূখণ্ডের কাছে নতুন ইসলামপন্থী-নেতৃত্বাধীন সরকারের বাহিনীর উপস্থিতি মেনে নেবে না।

গত বছরের ৮ ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্কে সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতকালে নেতানিয়াহু ইসরাইলি সেনাদের ইসরাইল-অধিকৃত ও সিরিয়া-নিয়ন্ত্রিত গোলান মালভূমির মধ্যবর্তী জাতিসঙ্ঘ বাফার জোনে প্রবেশের নির্দেশ দেন। ইসরাইলি সেনা এখনো সেখানে অবস্থান করছে।

গত বছরের শেষের দিকে ইসরাইল তার প্রতিবেশী সিরিয়ার ওপর শত শত বিমান হামলা চালায়। বেশিভাগ হামলা চালানো হয় সামরিক স্থাপনা লক্ষ্য করে। বুধবার ইসরাইল দামেস্ক এলাকাসহ সিরিয়া জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত করেছে।

সূত্র : বাসস