ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থী সরকার দেশটির নিরাপত্তা বাহিনীর প্রধান ও অ্যাটর্নি জেনারেলকে বরখাস্ত করেছেন। একইসাথে ইসরাইল যুদ্ধবিরতি ভেঙে গাজায় পুনরায় হামলা চালানো শুরু করার ফলে গাজায় থাকা পণবন্দীদের বাড়ি ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে। এ নিয়ে ইসরাইলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। এমন অবস্থায় দেশটির সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি আহারুন বারাক আশঙ্কা প্রকাশ করেছেন, নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক পদক্ষেপ দেশটিকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।

নেতানিয়াহু ইসরাইলের নিরাপত্তা বাহিনী শিন বেত প্রধান রোনান বারকে বরখাস্ত করার বিষয়ে মন্ত্রিসভা আহ্বান করার কিছুক্ষণ আগে ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট নিউজে কথা বলতে গিয়ে বারাক বলেন, ‘ইসরাইলি সমাজের প্রধান সমস্যা ইসরাইলিদের মধ্যে তীব্র বিভেদ।’

তিনি বলেন, ‘এই বিভাজন আরো বাড়ছে এবং আমার আশঙ্কা, এর ফলে গৃহযুদ্ধের সৃষ্টি হবে।’

আরেকটি ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১২-এর সাথে সাক্ষাৎকারে বারাককে জিজ্ঞাসা করা হয়েছিল, কেন তিনি মনে করেন ইসরাইল গৃহযুদ্ধের কাছাকাছি। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারণ জনগণের মধ্যে বিশাল ফাটল ধরেছে এবং এটি নিরাময়ের জন্য কোনো প্রচেষ্টা করা হচ্ছে না। সবাই এটিকে আরো খারাপ করার চেষ্টা করছে।’

জেরুসালেমে বুধবার সংঘটিত নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে একজন চালক একজন বিক্ষোভকারীকে ধাক্কা দিয়ে আহত করার ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আজ বিক্ষোভ চলছে, তারপর একটি গাড়ি তাদের মধ্য দিয়ে চলে যায় এবং কাউকে চাপা দেয়।’

বারাক আরো বলেন, ‘কিন্তু আগামীকাল গুলিবর্ষণ হবে এবং তার পরের দিন হবে রক্তপাত।’

বারাক চ্যানেল ১২-কে আরো বলেন, তিনি এখনো প্রধান বিচারপতি থাকলে শিন বেতের প্রধান রোনেন বারকে বরখাস্ত করার সরকারি সিদ্ধান্ত বাতিল করতেন।

বারাক ব্যাখ্যা করে বলেন, তিনি বিশ্বাস করেন, তার মেয়াদের মাঝামাঝি সময়ে বারের পদ থেকে অপসারণ অবৈধ। কারণ শিন বেত প্রধানের পদ রাজনৈতিক মহলের কাছে ‘আস্থার’ নয়, বরং এই পদে থাকা ব্যক্তিকে আইনে স্পষ্টভাবে লেখা ভূমিকা পালন করতে হয়।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর টুইটে নেতানিয়াহুর সরকারকে ব্যর্থ করার জন্য ইসরাইলে একটি ‘বামপন্থী ডিপ স্টেট’ বিদ্যমান থাকার অভিযোগ করা হয়েছে। এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে বারাক উত্তর দেন, ‘আমি জানি না ডিপ স্টেট কী।’

তিনি আরো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র নই, আমাদের এখানে কোনো ডিপ স্টেট নেই। আমাদের এখানে অনুগত সরকারি কর্মচারী আছেন, এবং তারা আইন অনুসারে কাজ করেন।’

এদিকে বারাকের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত বিবৃতি জারি করেন। তিনি বিবৃতি বলেন, ‘কোনো গৃহযুদ্ধ হবে না।’

নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য শিক্ষামন্ত্রী ইয়াভ কিশ এক্সে একটি পোস্টে বলেন, বারাক তার সতর্কীকরণের মাধ্যমে গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। কিশ প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘এই হুমকি সরকারকে তার নীতি বাস্তবায়ন থেকে বিরত রাখবে না।’

সূত্র : টাইমস অফ ইসরাইল