তুরস্কের ইস্তাম্বুলে বুধবার (২৩ এপ্রিল) ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ সংস্থা (এএফএডি)। সাম্প্রতিক বছরগুলোতে এক কোটি ৬০ লাখ জনসংখ্যার এই শহরে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মধ্যে এটি একটি।

এএফএডি জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ইস্তাম্বুল থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে সিলিভ্রি এলাকায়। এটি স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে আঘাত হানে। এর গভীরতা ছিল ৬.৯২ কিলোমিটার।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি তবে বসফরাস প্রণালীর ইউরোপীয় ও এশীয় উপকূলে অবস্থিত শহরটি ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলে লোকজন ভবনগুলো থেকে বের হয়ে আসে।

তুর্কী গণমাধ্যম টিজিআরটি জানিয়েছে, ভূমিকম্পের সময় বারান্দা থেকে লাফিয়ে পড়ার ফলে একজন আহত হয়েছেন।

এদিকে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজে) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.২। এর উৎপত্তিস্থল ছিল ১০ কিলোমিটার গভীরে।