সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দেরার উপকণ্ঠে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা।

ইসরাইলি সেনাবাহিনী সোমবার রাতে হামলার বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা এমন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে যেখানে ক্ষমতাচ্যুত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনীর অস্ত্র ও যানবাহন রয়েছে।

সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইলি সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যার মধ্যে কমান্ড সেন্টার ও সিরিয়ার সাবেক সরকারের অস্ত্র ও সামরিক যানবাহন সম্বলিত সামরিক স্থাপনা রয়েছে।’

বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘সামরিক সম্পদ ইসরাইল রাষ্ট্রের জন্য হুমকি।

সেনাবাহিনী বলেছে, তারা দক্ষিণ সিরিয়ায় ‘সামরিক হুমকির উপস্থিতি’ মেনে নেবে না এবং এর বিরুদ্ধে অভিযান চালাবে।

যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরাইল একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে যা আগে আল-আসাদের বাহিনী ব্যবহার করত। কিন্তু এখন সিরিয়ার নতুন সরকারের সেনাবাহিনী সেটি ব্যবহার করছে।

তবে জর্ডান সীমান্তের কাছে দক্ষিণ দেরা প্রদেশে ইসরাইলের হামলা এটিই প্রথম নয়। এই মাসের শুরুতে একই এলাকায় বেশ কয়েকটি সিরিয়ার সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছিল।

বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর থেকে ইসরাইল সিরিয়ায় শত শত বিমান হামলা চালিয়েছে এবং গোলান মালভূমির বাফার জোনে সৈন্য মোতায়েন করেছে।

আসাদ সরকার ক্ষমতায় থাকাকালীন ইসরাইল নিয়মিতভাবে সিরিয়ায় আক্রমণ করত এবং ইরানি ও হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালাত।

সূত্র : আল জাজিরা