গাজায় বন্দী দুই ইসরাইলি সতর্ক করে বলেছে, ইসরাইলি বোমা হামলা তাদের জীবনকে বিপন্ন করে তুলছে। ইসরাইলি বাহিনী আবারো গাজায় হামলা চালানোর সিদ্ধান্ত নেয়ায় তারা নিজেদের জীবন নিয়ে উদ্বিগ্ন।

গতকাল আল-কাসসাম ব্রিগেড কর্তৃক প্রকাশিত একটি ভিডিওতে বন্দী এলকানা বোহবোট এবং ইউসুফ-হাইম ওহানা জানান, যুদ্ধবিরতির সময় এবং সীমান্ত ক্রসিং খুলে দেয়ার পর হামাস তাদের যত্ন নেয় এবং তারা ভালো অনুভব করতে শুরু করেন। তাদের ক্ষুধা মিটে যায় এবং তারা বাতাসে শ্বাস নিতে সক্ষম হন।

ভিডিওতে তারা বলেন, ‘১৮ মার্চ ইসরাইলি সরকার গাজায় আকাশ থেকে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়। সেই হামলা আমাদের মেরে ফেলতে পারতো।’

বন্দীরা আরো অভিযোগ করেন, ইসরাইলি সরকার মুক্ত বন্দীদের কণ্ঠস্বর দমন করছে। ক্ষুব্ধ স্বরে বোহবোট বলেন, ‘এই সরকার আমাদের কণ্ঠস্বর চুপ করে রেখেছে। যারা আগে আমাদের সাথে ছিলেন এবং এখন মুক্তি পেয়েছেন, তাদের কথা বলার এবং মতামত প্রকাশের সুযোগ দেয়া হোক। তাদের কণ্ঠরোধ বন্ধ করুন। সত্য প্রকাশিত হতে দিন।’

ওহানা অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের জানাতে চাই যে হামাস আমাদের এটা বলতে বলেনি, এই ভিডিও ক্লিপটি মনস্তাত্ত্বিক যুদ্ধের উদ্দেশ্যে তৈরি করা হয়নি। আমরাই কথা বলতে চেয়েছি এবং অনুরোধ করেছি। দয়া করে আমাদের কথা শুনুন।’

উল্লেখ্য, জানুয়ারিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সাথে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরাইলি বাহিনী গাজায় পুনরায় হামলা শুরু করেছে। এই হামলার প্রায় এক সপ্তাহ পরেই বন্দীদের এই ভিডিও প্রকাশিত হলো।

সূত্র : মিডল ইস্ট মনিটর