লোগিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজের ওপর আবারো হামলা শুরু করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। হাউছি যোদ্ধারা জানিয়েছে, গত ৭২ ঘণ্টার মধ্যে তারা চতুর্থবারের মতো ইউএসএস হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরী ও অন্যান্য জাহাজের উপর গুলিবর্ষণ করেছে।

হাউছি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন, এই অভিযানে মার্কিন রণতরীকে লক্ষ্য করে ‘বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ব্যবহার করা হয়েছে, যা ইয়েমেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে সারি বলেন, ‘অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে।’

সারি বলেন, মার্কিন আগ্রাসন ফিলিস্তিনি জনগণের প্রতি ইয়েমেনের অটল সমর্থনকে দমন করতে পারবে না। ইসরাইলি বাহিনীর গাজার ওপর আক্রমণ ও অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরাইলের উপর হাউছিদের আক্রমণ আরো তীব্র হবে।

এর আগে, হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর জানুয়ারির পর প্রথমবারের মতো হাউছিরা ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরাইলের আকস্মিক হামলার কয়েক ঘণ্টা পর হাউছিরা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইসরাইলের আক্রমণে গাজায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে।

ইসরাইল জানিয়েছে, তারা হাউছিদের ক্ষেপণাস্ত্রটি তাদের ভূখণ্ডে পৌঁছানোর আগেই প্রতিহত করেছে। ইয়েমেনের স্থানীয় গণমাধ্যমও জানিয়েছে, সাম্প্রতিক কয়েক ঘণ্টায় সাদা ও বন্দর শহর হোদেইদাহসহ দেশটির বেশ কয়েকটি এলাকায় মার্কিন হামলা হয়েছে।

সূত্র : আল জাজিরা