ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের মানবিক সহায়তা অবরোধের প্রতিবাদে লোহিত সাগরে ইসরাইলি-সংশ্লিষ্ট জাহাজগুলোতে পুনরায় আক্রমণ চালানোর হুমকি দেয়ার পর ইয়েমেনের হাউছি বিদ্রোহীদের ওপর সামরিক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। বিমান হামলায় হাউছি গোষ্ঠীর ১৬ জন সদস্য নিহত হয়েছেন বলে বুধবার (১৯ মার্চ) রাতে জানিয়েছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি।
হাউছি-পরিচালিত বার্তাসংস্থা সাবা হতাহতের পরিস্থিতি, সময় বা সঠিক অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ দেয়নি।
এর আগে, রাজধানী সানাসহ ইয়েমেনের বেশ কয়েকটি এলাকায় মার্কিন বিমান হামলায় সাত নারী ও দুই শিশু আহত হয়েছিল।
হুথি-পরিচালিত আল-মাসিরাহ টিভি অনুসারে, আল-জাওফ প্রদেশের সাদা, আল-হাজম জেলা ও আল-বায়দা প্রদেশের আস সাওয়াদিয়াহ এলাকায় বিমান হামলা চালানো হয়েছে।
শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি হাউছিদের বিরুদ্ধে বড় পরিসরে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। সেই সময় থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ইয়েমেনে কয়েক ডজন মার্কিন বিমান হামলা রেকর্ড করা হয়েছে। হাউছিদের প্রতিবেদন অনুসারে, এতে ৫৩ জন নিহত ও ১০৭ জন আহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশু রয়েছে।
১৯ জানুয়ারি ইসরাইল ও ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই ইয়েমেনে প্রথম বিমান হামলা।
হাউছি গোষ্ঠী ২০২৩ সালের শেষের দিক থেকে লোহিত ও আরব সাগর, বাব আল-মান্দাব প্রণালী ও আদেন উপসাগর দিয়ে যাতায়াতকারী ইসরাইল-সংশ্লিষ্ট জাহাজগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে আক্রমণ করে আসছে। গাজা উপত্যকার সাথে সংহতি প্রকাশ করতে বিশ্ব বাণিজ্যকে ব্যাহত করছে বলে দাবি করেছে তারা।
জানুয়ারিতে ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর তারা তাদের আক্রমণ বন্ধ করে দেয়। কিন্তু ২ মার্চ গাজায় সব ধরনের মানবিক সাহায্য বন্ধ করে দিলে তারা আবারো আক্রমণ শুরু করার হুমকি দেয়।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি