ইসরাইলের বিরোধী নেতা ইয়ার ল্যাপিড সম্প্রতি মিশরকে গাজার প্রশাসনের দায়িত্ব নেয়ার প্রস্তাব দিয়েছেন। তবে মিশর বুধবার প্রস্তাবটি ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে এবং একে মিশরীয় ও আরব নীতির পরিপন্থী বলে অভিহিত করেছে।
ল্যাপিড এ প্রস্তাবটি দেয়ার একদিন পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খাল্লাফের উদ্ধৃতি দিয়ে সরকারি বার্তাসংস্থা এমইএনএ জানায়, ‘গাজার বিষয়ে মিশরীয় ও আরবদের অবস্থানকে এড়িয়ে যেকোনো ধারণা বা প্রস্তাব প্রত্যাখ্যাত ও অগ্রহণযোগ্য।’
প্রেস বিবৃতিতে খাল্লাফ বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকে এড়িয়ে যাওয়ার পরামর্শগুলো আংশিক সমাধান দেয়। এটি সমাধানের পরিবর্তে বরং সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি তৈরি করে।
তিনি বলেন, ইসরাইল-অধিকৃত পূর্ব জেরুজালেমসহ গাজা উপত্যকা ও পশ্চিমতীর ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ এবং এ অংশগুলো অবশ্যই ‘পূর্ণ ফিলিস্তিনি সার্বভৌমত্ব ও ব্যবস্থাপনার’ অধীনে থাকতে হবে।
এর আগে মঙ্গলবার ল্যাপিড বলেন, বিশাল ঋণ মওকুফের বিনিময়ে মিশরের উচিত যুদ্ধ শেষ হওয়ার পর কমপক্ষে আট বছর গাজা উপত্যকা পরিচালনা করা।
গাজা উপত্যকার দুই দশমিক চার মিলিয়ন ফিলিস্তিনিকে স্থানান্তরিত করার প্রস্তাব বরাবারই প্রত্যাখ্যান করে আসছে মিশর।
সূত্র : আরব নিউজ