আর কোনো নির্বাচনে অংশ নিতে চান না বলে আবারো জানিয়ে দিলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

শুক্রবার (২৩ মে) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন বলা হয়, বৃহস্পতিবার (২২ মে) হাঙ্গেরি সফর শেষে দেশে ফিরে সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান স্পষ্টভাবে বলেন, আবার নির্বাচিত হওয়া বা প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছা আমার নেই। দেশের সুনাম বৃদ্ধি করাই আমাদের একমাত্র লক্ষ্য।

তুরস্কের প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা একটি নতুন যুগে বাস করছি। তুরস্ক বদলে যাচ্ছে, বিশ্ব বদলে যাচ্ছে। আপনারা কি মনে করেন, দ্রুত পরিবর্তনশীল এই পৃথিবীতে তুরস্কের সেই পুরোনো সংবিধান দিয়ে আমরা কিছু অর্জন করতে পারব, যা অভ্যুত্থানের সময় তৈরি এবং অভ্যুত্থানবাদী মনোভাব ধারণ করে?’

প্রায় দুই যুগ ধরে তুরস্কের প্রধানমন্ত্রিত্ব ও প্রেসিডেন্ট পদে আছেন এরদোগান। একাধারে ২৫ বছর দেশ পরিচালনার পর তার এমন ঘোষণা নতুন রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এরদোগান ২০২৩ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময়ই বলেছিলেন, এটি তার শেষ নির্বাচন। যদিও তুর্কি সংবিধান অনুযায়ী, নির্বাচনের তারিখ এগিয়ে আনা হলে তার জন্য আরেকবার প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে।