তুরস্কের ২০২৮ সালের নির্বাচনে ইস্তাম্বুলের কারাবন্দী মেয়র একরেম ইমামোগলুকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনীত করেছে দেশটির প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)।

সোমবার দলটির এক মুখপাত্র এএফপি’কে এ তথ্য জানিয়েছেন।

তুরস্কের প্রধান বিরোধী দল ও দেশটির সংসদে দ্বিতীয়ে অবস্থানে থাকা সিএইচপি রোববার দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচন করে। এতে প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলু বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থী মনোনীত হন।

দুর্নীতি ও সন্ত্রাসবাদের অভিযোগে গত ১৯ মার্চ এক বিশেষ অভিযানে ইমামোগলুকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ শেষে রোববার দেশটির আদালত তাকে কারাগারে পাঠায়।

ইমামোগলুকে ইস্তাম্বুলের মেয়র পদ থেকে বরখাস্ত করা হয়েছে। এটাকে বিরোধী দল ‘রাজনৈতিক অভ্যুত্থান’ বলে নিন্দা করেছে।

সূত্র : বাসস