গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলের চলমান হামলায় এখন পর্যন্ত ২০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। সর্বশেষ সাওত আল-আকসা রেডিওর সম্প্রচারক মোহাম্মদ সালেহ আল-বারদাউইল নিহত হওয়ার পর এই সংখ্যা হালনাগাদ করা হয়েছে।

এক বিবৃতিতে মিডিয়া অফিস জানায়, ইসরাইলি বাহিনী পরিকল্পিতভাবে ফিলিস্তিনি সাংবাদিকদের টার্গেট করছে, হত্যা করছে এবং দমন-পীড়ন চালাচ্ছে। তারা এ নৃশংস হত্যাযজ্ঞের তীব্র নিন্দা জানিয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন, আরব সাংবাদিক ফেডারেশন এবং বিশ্বের সকল গণমাধ্যম সংগঠনকে আহ্বান জানাই, তারা যেন গাজায় ফিলিস্তিনি সাংবাদিক ও মিডিয়া কর্মীদের বিরুদ্ধে এই বর্বর অপরাধের প্রকাশ্য নিন্দা জানায়।’

এছাড়া, মিডিয়া অফিস স্পষ্টভাবে উল্লেখ করেছে যে তারা ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সের মতো দেশগুলোকেও এই ভয়াবহ মানবতাবিরোধী অপরাধের জন্য সম্পূর্ণরূপে দায়ী মনে করে।

সূত্র : আল জাজিরা