গাজার সরকারি মিডিয়া অফিস সতর্ক করে বলেছে, অবরুদ্ধ ও বোমাবর্ষণে ক্ষতিগ্রস্ত অঞ্চলে মানবিক পরিস্থিতি ক্রমেই অবনতি ঘটছে। তারা ইসরাইল ও যুক্তরাষ্ট্রকে এই ‘মানবিক বিপর্যয়ের জন্য সম্পূর্ণ দায়ী’ বলে অভিহিত করেছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ইসরাইল দেইর আল-বালাহতে অবস্থিত পানি শোধনাগারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে। ফলে প্রতিদিন ২০ হাজার ঘনমিটার (৫.৩ মিলিয়ন গ্যালন) পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে মধ্য গাজা এবং খান ইউনিস গভর্নরেটের বাসিন্দারা মারাত্মক পানির সংকটে পড়েছেন।

এর পাশাপাশি, অবরোধের কারণে জ্বালানি প্রবেশ বন্ধ থাকায় এবং বিদ্যুৎ গ্রিড ধ্বংস হওয়ার ফলে বহু বেকারি ও রান্নাঘর বন্ধ হয়ে গেছে।

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, ‘খাদ্য সঙ্কট আগামী দিনে মারাত্মকভাবে বৃদ্ধি পাবে। কারণ দখলদার বাহিনী জ্বালানি সরবরাহ বন্ধ রেখেছে।’

তারা বিশ্বের স্বাধীন দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে, যাতে তারা এই অপরাধগুলোর নিন্দা জানায়, যেগুলো আন্তর্জাতিক আইনে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে।

সূত্র : আল জাজিরা