ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার বলেছেন, তিনি গাজার পরিস্থিতি নিয়ে মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সাথে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করবেন।
হামাসের সাথে যুদ্ধে স্বল্পস্থায়ী যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর থেকে ইসরাইল গাজার ভূখণ্ড দখলের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে। ইসরাইল একে পণবন্দীদের মুক্ত করতে হামাসকে বাধ্য করার কৌশল বলে অভিহিত করেছে।
ম্যাক্রোঁ তার সফরের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘গাজায় জরুরি অবস্থার প্রতিক্রিয়ায় এবং প্রেসিডেন্ট আল-সিসির আমন্ত্রণে আমার কায়রো সফরের সময় আমরা মিসরের প্রেসিডেন্ট ও জর্ডানের রাজার সাথে একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন করব।’
রোববার সন্ধ্যায় ফরাসি প্রেসিডেন্টের কায়রোতে যাওয়ার কথা রয়েছে। তিনি সোমবার সকালে মিসরের প্রেসিডেন্টের সাথে আলোচনা করবেন।
ম্যাক্রোঁর কার্যালয় জানিয়েছে, ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনটি একই দিনে মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হবে।
এছাড়াও মঙ্গলবার ম্যাক্রোঁ গাজা উপত্যকা থেকে ৫০ কিলোমিটার পশ্চিমে মিসরের আল-আরিশ বন্দর পরিদর্শন করবেন। সেখানে তিনি মানবিক ও নিরাপত্তা কর্মীদের সাথে দেখা করবেন এবং ‘যুদ্ধবিরতির পক্ষে অবিরাম প্রচেষ্টা’ চালাবেন। আল-আরিশ গাজার জন্য আন্তর্জাতিক সাহায্যের একটি ট্রানজিট পয়েন্ট।
সূত্র : আরব নিউজ