ইয়েমেনের ইরান-সমর্থিত হাউছি গোষ্ঠী বুধবার জানিয়েছে, দেশটির সাদা ও আমরান এলাকায় কমপক্ষে ১৭টি বিমান হামলা চালানো হয়েছে। এই হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তারা।

বিদ্রোহীদের আনসারুল্লাহ ওয়েবসাইটে বলা হয়েছে, মার্কিন যুদ্ধবিমানগুলো আক্রমণাত্মক হামলা চালিয়েছে। হামলায় নাগরিকদের সম্পত্তির ক্ষতি হয়েছে। তবে এতে হতাহতের কোনো বিবরণ দেয়া হয়নি।

গত ১৫ মার্চ ওয়াশিংটন হাউছিদের বিরুদ্ধে সামরিক আক্রমণের ঘোষণা দেয়। লোহিত সাগর ও এডেন উপসাগরের গুরুত্বপূর্ণ রুটে জাহাজগুলোতে হামলা চালানো বন্ধ না করা পর্যন্ত ব্যাপক শক্তি প্রয়োগের ঘোষণা দেয়।

একইদিনে মার্কিন যুদ্ধবিমান ধারাবাহিকভাবে হামলা করে। কর্মকর্তারা জানান, হামলায় সিনিয়র হাউছি নেতারা নিহত হন। হাউছি নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এতে ৫৩ জন নিহত হয়েছে।

এরপর থেকে ইয়েমেনের হাউছি-অধ্যুষিত এলাকাগুলো প্রায় প্রতিদিনই আক্রমণের শিকার হচ্ছে। হামলার জন্য হাউছি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। বিদ্রোহীরা মার্কিন সামরিক জাহাজ ও ইসরাইলকে লক্ষ্য করে হামলার ঘোষণা দিয়েছে।

গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর হাউছিরা ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করে লোহিত সাগর, আরব সাগরে চলাচলের জাহাজগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে শুরু করে। তবে জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের হামলা স্থগিত করে।

চলতি মাসের শুরুতে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইল মানবিক সাহায্য অবরোধ করলে এর প্রতিবাদে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথে নতুন করে আক্রমণ চালানোর হুমকি দেয় হাউছিরা। জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর ইয়েমেনে এটিই প্রথম হামলা।

গত সপ্তাহে, ট্রাম্প হুথিদের নির্মূল করার হুমকি দিয়েছিলেন এবং তেহরানকে এই গোষ্ঠীকে সহায়তা অব্যাহত রাখার বিরুদ্ধে সতর্ক করেছিলেন।

সূত্র : এএফপি/বাসস