বৃটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি মঙ্গলবার গাজায় ইসরাইলের ভয়াবহ বিমান হামলায় ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং বেসামরিক হতাহতের ঘটনাকে ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন।

তিনি এক এক্সবার্তায় লিখেছেন, ‘বন্দীদের বের করে আনা, সাহায্য বৃদ্ধি এবং এই সঙ্ঘাতের স্থায়ী অবসান নিশ্চিত করার জন্য সকল পক্ষকে পুনরায় আলোচনায় অংশ নিতে হবে।’

‘ভয়াবহ’ বেসামরিক হতাহতের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ল্যামি আরো বলেন, ‘আর রক্তপাত নয়। কূটনীতিই হলো ইসরাইলি এবং ফিলিস্তিনিদের জন্য নিরাপত্তা নিশ্চিত করার উপায়।’

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, মঙ্গলবার ভোরে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইসরাইলি সেনাবাহিনী গাজা উপত্যকায় হামলা চালিয়ে কমপক্ষে ৪০৪ জনকে হত্যা করে এবং আরো শত শত আহত করে।

নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী ও শিশুও ছিল। আবাসিক ভবনে বোমা হামলা করে তাদের হত্যা করা হয়েছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি সামরিক বাহিনীর নৃশংস আক্রমণে ৪৮ হাজার ৫০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু এবং ১ লাখ ১২ হাজারজনেরও বেশি আহত হয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

সূত্র : আনাদোলু