যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠির আনুষ্ঠানিক জবাব দিয়েছে ইরান। এতে নতুন পরমাণু চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) ওমানের মাধ্যমে জবাব পাঠিয়েছে তেহরান।

আরাঘচির উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের চিঠির প্রতিক্রিয়া পাঠানো হয়েছে। চিঠিতে ইরানি কর্মকর্তারা চাপের মুখে সরাসরি আলোচনা না করার বিষয়ে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। তবে তারা পরোক্ষ আলোচনার জন্য রাজি আছেন।

চলতি বছরের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্প ইরানের সাথে আলোচনার ইচ্ছা প্রকাশ করেন। তবে ইরানের প্রতিক্রিয়া বা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে ট্রাম্পের চিঠির বিষয়বস্তু সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর আগে, ১২ মার্চ তেহরান সফরের সময় আমিরাতের একজন সিনিয়র কূটনীতিক আনোয়ার গারগাশ ট্রাম্পের চিঠি ইরানি কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেন।

ট্রাম্পের ওই চিঠিতে নতুন পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানানো হয়েছিল। যদিও তা প্রত্যাখ্যান করা হয় তবে সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুমকিও দেয় যুক্তরাষ্ট্র।

সূত্র : ইরনা/বাসস