ইসরাইলি মানবাধিকার গোষ্ঠী ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস’ সম্প্রতি এক প্রতিবেদনে ইসরাইলি কারাগারে আটক গাজার চিকিৎসা কর্মীদের উপর চালানো নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে।

সংগঠনটি জানিয়েছে, আটক অবস্থায় তিনজন চিকিৎসক এবং একজন প্যারামেডিক মারা গেছেন। এছাড়া গাজার প্রায় ১৫০ জন চিকিৎসা কর্মী নির্যাতন ও অন্যান্য অবমাননাকর আচরণের শিকার হয়ে কারাগারে রয়েছেন।

ইসরাইল-ভিত্তিক এই গোষ্ঠীটি বলেছে, ‘তাদের আটক করা হয়েছে। কারণ তারা ফিলিস্তিনি। তারা গাজা থেকে এসেছেন। তারচে বড় কারণ তারা স্বাস্থ্যসেবা কর্মী।’ সংগঠনটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বন্দীরা শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের পাশাপাশি অনাহার ও চিকিৎসা অবহেলার শিকার হচ্ছেন, যা আন্তর্জাতিক সংজ্ঞা অনুযায়ী নির্যাতনের শামিল।

প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, চিকিৎসা কর্মীদের স্পষ্টভাবে জানানো হয়েছিল যে তাদের কোনো অপরাধের অভিযোগ ছাড়াই কেবল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে আটক করা হয়েছে। সংস্থাটি ইসরাইল কর্তৃক গ্রেফতার হওয়া ২৪ জন চিকিৎসা কর্মীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। তারা সকলেই চরম সহিংসতা, অপমান এবং জোরপূর্বক পোশাক খুলে ফেলার অভিজ্ঞতার কথা জানিয়েছে, যার মধ্যে হাসপাতাল প্রাঙ্গণ থেকেও গ্রেফতারের ঘটনা রয়েছে। গ্রেফতারদের মধ্যে ২০ জনকে তাদের কর্তব্যরত অবস্থায় আটক করা হয়।

‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস’ জোর দিয়ে বলেছে যে আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে চিকিৎসা কর্মীরা সুরক্ষিত থাকার কথা। তাদের গ্রেফতার এই বিধান লঙ্ঘন করছে। সংগঠনটি এই অবিচারের অবসান ঘটানোর আহ্বান জানিয়েছে এবং অবিলম্বে সকল আটক চিকিৎসা কর্মীকে মুক্তি দেয়ার দাবি করেছে।

সূত্র : আল জাজিরা