সোমালিয়ার লোয়ার জুবা অঞ্চলের ধোবলি শহর থেকে ফিরার পথে একটি কেনিয়ার কার্গো বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সকলেই নিহত হয়েছেন। শনিবার (২২ মার্চ) স্থানীয় সময় বিকেল ৫টা ৪৩ মিনিটে বিমানটি দুর্ঘটনার শিকার হয়।

সোমালি সিভিল এভিয়েশন অথরিটি (এসসিএএ) রোববার এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে মোগাদিশু থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় পতিত বিমানটি ছিল একটি ডিএইচসি-৫ডি বাফেলো, যার সিরিয়াল নম্বর ১০৯ এবং নিবন্ধন ৫ওয়াই-আরবিএ ছিল। এটি ট্রাইডেন্ট এভিয়েশন লিমিটেড দ্বারা পরিচালিত ছিল।

বিবৃতিতে জানানো হয়েছে, ‘বিমানে পাঁচজন আরোহী ছিলেন (পিওবি)। তাদের সকলেই মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। বিমানটি ধোবলি (এইচসিডিবি) থেকে ছেড়ে আদেন আব্দুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচসিএমএম) যাচ্ছিল।’

সোমালি সিভিল এভিয়েশন অথরিটি আরো জানিয়েছে, সরকারি সংস্থাগুলো এবং অংশীদাররা ইতোমধ্যেই অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।

শনিবারের প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, বিমানটিতে চারজন কেনিয়ার নাগরিক ছিলেন। ধোবলিতে অবস্থানকালে কার্গো বিমানটি যান্ত্রিক সমস্যার সম্মুখীন হয়েছিল। তবে সোমালিল্যান্ড স্ট্যান্ডার্ড অনুসারে এটি মেরামত করা হয়েছিল বলে জানা গেছে।

এসসিএএ জানিয়েছে, দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য সরকারের সাথে সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করা হবে।

সূত্র : মেহের নিউজ