ইসরাইলি সেনাবাহিনী দক্ষিণ গাজার রাফায় স্থল অভিযান চালাচ্ছে এবং একইসাথে বেইত লাহিয়া শহর ও মধ্যাঞ্চলের কাছে উত্তর দিকে আক্রমণ অব্যাহত রেখেছে। এসব হামলায় প্রায় ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ইউনিসেফ জানিয়েছে, এই সপ্তাহে অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকায় ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে ২০০ শিশু নিহত হয়েছে।
চিকিৎসা কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরাইলের হামলায় ৫৯০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরাইলি বিমান ও স্থল হামলা তীব্রতর হওয়ার সাথে সাথে মৃতের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলমান সঙ্ঘাতে এখন পর্যন্ত কমপক্ষে ৪৯ হাজার ৬১৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ১২ হাজার ৯৫০ জন আহত হয়েছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ থাকা হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, ৭ অক্টোবর ২০২৩ সালে হামাস-নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে কমপক্ষে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০ জনেরও বেশি লোককে বন্দী করা হয়।
সূত্র : আল জাজিরা