সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে সিরিয়ায় হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া। শুক্রবার (১৯ মার্চ) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ায় নেতৃত্ব পরিবর্তনের পর নতুন সরকারের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের উদ্দেশ্যে আলোচনার মধ্যেই রাশিয়া জানিয়েছে, তারা সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হস্তান্তর করবে না।

৮ ডিসেম্বর বর্তমান ক্ষমতাসীনদের সিরিয়াকে দ্রুত নিয়ন্ত্রণে নেয়ার মধ্য দিয়ে অবসান ঘটে দেশটির দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের। এরপর সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। গৃহযুদ্ধকালীন দীর্ঘকালীন মিত্র মস্কো তাকে ও তার পরিবারকে আশ্রয় দেয়।

এরপর থেকে সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার এবং এর প্রেসিডেন্ট আহমেদ আল-শারা একাধিকবার রাশিয়াকে আহ্বান জানিয়েছেন, যেন আসাদকে সিরিয়ার জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচারের জন্য তাকে হস্তান্তর করা হয়। এর পরই আসাদকে সিরিয়ায় হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া।

অবশ্য এই অনুরোধ মস্কো ও দামেস্কের মধ্যে চলমান আলোচনার একটি অংশ। এর উদ্দেশ্য ছিল অভ্যন্তরীণ নিরাপত্তা চুক্তি ও সামরিক সরঞ্জামের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমাধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনর্নির্মাণ করা।

ইরানের ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা)-এর প্রতিবেদন অনুযায়ী, ইরাকে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলপেরাস কোত্রাশেভ বলেছেন, ‘মস্কোতে বাশার আল-আসাদের বসবাসের শর্ত ছিল তিনি কোনো মিডিয়া বা রাজনৈতিক কার্যকলাপে অংশ নেবেন না। এখন পর্যন্ত তিনি তা লঙ্ঘন করেননি। সেজন্য আসাদকে সিরিয়ায় হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে রাশিয়া।’

রাশিয়ান কূটনীতিক আরো জানান, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি নির্দেশে বাশার আল-আসাদ ও তার পরিবারকে আশ্রয় দেয়া হয়েছে। এই সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।’

সূত্র : মিডল ইস্ট মনিটর