সুয়েজ উপসাগরে একটি বার্জ ডুবে চারজনের মৃত্যু এবং ২২ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মিসরীয় সরকার বুধবার এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার রাতে বার্জ অ্যাডাম মেরিন-১২ ডুবে যায়। তবে বার্জটি ডুবে যাওয়ার কারণ সম্পর্কে বিস্তারিত কিছু এখনও জানানো হয়নি।
মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, চারজনে লাশ লোহিত সাগর উপকূলে অবস্থিত মিসরের হুরগাদা হাসপাতালে রাখা হয়েছে।
মন্ত্রণালয় আরো বলেছে, আহত চারজনকে বিমানে করে অন্য একটি হাসপাতালে এবং ১৮ জনকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মিসরের পেট্রোলিয়াম মন্ত্রণালয় ফেসবুকে জানিয়েছে, অফশোর শুখের তেল কোম্পানি (ওসোকো) থেকে একটি প্রতিবেদনে বলা হয়েছে, সুয়েজ উপসাগরের গেবেল এল-জাইট এলাকায় বার্জটি ডুবে যায়।
ইউরোপ ও এশিয়ার সংযোগকারী একটি গুরুত্বপূর্ণ জলপথ সুয়েজ খাল থেকে এই অঞ্চলটি প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) দক্ষিণে অবস্থিত।
সূত্র : বাসস