সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে এ বছর হজ পালন করতে ইচ্ছুক সৌদি নাগরিক ও প্রবাসী বাসিন্দাদের জন্য মেনিনজাইটিস টিকা গ্রহণ বাধ্যতামূলক।
এর আগে, এই শর্ত কেবল রাজ্যের বাইরে থেকে আসা হজযাত্রীদের জন্য প্রযোজ্য ছিল। তবে এবার মন্ত্রণালয় স্পষ্টভাবে জানিয়েছে যে টিকা গ্রহণের প্রমাণ ছাড়া কেউ হজ প্যাকেজ দেখতে বা ক্রয় করতে পারবে না।
দেশীয় হজযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং পবিত্র আনুষ্ঠানিকতা সুস্থভাবে সম্পাদন করতে মন্ত্রণালয় টিকা গ্রহণের গুরুত্বের ওপর জোর দিয়েছে। এটি শুধুমাত্র ব্যক্তিগত সুরক্ষার জন্য নয়। বরং বৃহত্তর হাজী সম্প্রদায়ের মঙ্গল রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।
এছাড়া, মন্ত্রণালয় ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ টিকা গ্রহণের পরামর্শ দিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সেহহাটি’ অ্যাপের মাধ্যমে টিকাদানের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করার আহ্বান জানিয়েছে।
দুই মাস আগে, স্বাস্থ্য মন্ত্রণালয় আপডেট করা স্বাস্থ্য প্রোটোকলের অংশ হিসেবে ওমরা যাত্রীদের জন্যও মেনিনজাইটিস টিকা বাধ্যতামূলক করেছে। ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে প্রবেশকারী সকল ব্যক্তিকে তাদের যাত্রার অন্তত ১০ দিন আগে এই টিকা গ্রহণ করতে হবে।
ট্রাভেল এজেন্টরা নিশ্চিত করেছেন, ১০ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া এই নিয়ম অনুসারে সকল ওমরাযাত্রীকে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
সূত্র : গালফ নিউজ