দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ৬৫ কিলোমিটার দূরে আনসেওং শহরে নির্মাণাধীন একটি এলিভেটেডওয়ের ৫০ মিটার উঁচু একটি বিম ধসে চারজন নির্মাণশ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে দুইজন চীনের এবং বাকি দুইজন দক্ষিণ কোরিয়ার নাগরিক। আহতদের মধ্যে একজন চীনা নাগরিক রয়েছেন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কো কিয়ং-মান এক সংবাদ সম্মেলনে জানান, ব্রিজের উপরে একটি ডেক বসানোর কাজ করছিলেন শ্রমিকেরা। এর মধ্যে ১০ জন ডেকের উপরে কাজ করছিলেন। বিমটি ভেঙে পড়লে তারা উপর থেকে দুই পাশে পড়ে যান।
এদিকে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোক সংশ্লিষ্ট বিভাগগুলোকে উদ্ধার অভিযানে অংশ নেয়ার জন্য জরুরি নির্দেশনা জারি করেছেন।
উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় কর্মক্ষেত্রে প্রাণহানির ঘটনা প্রায়ই ঘটে থাকে। দেশটির শ্রম মন্ত্রণালয়ের তথ্য মতে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কর্মক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট অন্তত আট হাজার প্রাণহানির ঘটনা ঘটেছে। কর্মক্ষেত্র নিরাপদ রাখতে ২০২২ সালে আইন পাশ করা হলেও হতাহতের ঘটনা কমছে না।
সূত্র : ডয়চে ভেলে