থাইল্যান্ডের পূর্বাঞ্চলে প্রাচিনবুরি প্রদেশের একটি সড়কে বাস উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ৩২ জন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সড়ক নিরাপত্তা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।

কেন্দ্রের মতে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে গাড়িটি উল্টে যায়। এ সময় বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। বাস উল্টে গেলে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়।

এছাড়া আহত ৩২ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানায়, রাস্তার ওই অংশটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, বাসটির ব্রেক সিস্টেম কাজ না করার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে।

সূত্র : ইউএনবি