ফিলিপাইনে ঘূর্ণিঝড় কালমায়েগির আঘাতে শুক্রবার (৭ নভেম্বর) নিহতের সংখ্যা বেড়ে ১৮৮ জনে দাঁড়িয়েছে। ঘূর্ণিঝড়টি ফিলিপাইন অতিক্রম করে ভিয়েতনামে আঘাত হেনেছে। সেখানে চারজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম ইনকোয়ারারের তথ্য অনুযায়ী, সিভিল ডিফেন্স অফিসের (ওসিডি) উপমুখপাত্র ডিয়েগো মারিয়ানো জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি আঘাত হানার পর এখন পর্যন্ত ১৩৫ জন নিখোঁজ রয়েছে এবং ৯৬ জন আহত হয়েছে।
সেবু সিটিতেই ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও সেবু প্রদেশ, নেগ্রোস অক্সিডেন্টাল, নেগ্রোস ওরিয়েন্টাল, আগুসান ডেল সুর, ক্যাপিজ ও সাউদার্ন লেইতে, অ্যান্টিক, ইলোইলো, গুইমারাস, বোহোল এবং লেইতে থেকেও প্রাণহানির খবর পাওয়া গেছে।
একটি সরকারী প্রতিবেদনে বলা হয়েছে, মোট ২২ লাখ ৫৮ হাজার ৭৮২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার মধ্যে কমপক্ষে তিন লাখ ৯৭ হাজার ৬৩৪ জন এখনো আশ্রয় কেন্দ্রে রয়েছেন।
সারাদেশে মোট নয় হাজার ৫৮৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৬৪টি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। স্থানীয় সংবাদমাধ্যম বৃহস্পতিবার জানিয়েছে, ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র টাইফুন কালমায়েগির প্রভাবের কারণে এবং আসন্ন টাইফুনের পূর্বাভাসে জাতীয় দুর্যোগ ঘোষণা করেছেন।
সূত্র : আনাদোলু অ্যাজেন্সি