বিশ্বের সবচেয়ে উঁচু সেতু নির্মাণ করেছে চীন, যা আগামী জুনে উদ্বোধন করা হবে। সেতুটিকে চীনের অসামান্য প্রকৌশল-দক্ষতার সর্বশেষ নিদর্শন হিসেবে মনে করা হচ্ছে।
হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ নামের এই সেতুর নির্মাণ কাজ প্রায় শেষের পথে। চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌউ প্রদেশে অবস্থিত সেতুটি নদীর পৃষ্ঠ থেকে দুই হাজার ৫১ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। এটি বর্তমান রেকর্ডধারী ফ্রান্সের মিলাউ ভায়াডাক্ট সেতুর চেয়ে ৯৪৭ ফুট লম্বা।
গুইঝৌউ প্রদেশ চীনের অন্যতম একটি পাহাড়ি এলাকা। সেখানে এতদিন যাতায়াত খুবই দুরূহ ছিল। এই সেতুটি অত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চল হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়নের ওপর দিয়ে গেছে, যার অপর নাম ’আর্থ ক্র্যাক’ বা পৃথিবীর ফাটল।
চীন দেশব্যাপী অবকাঠামোগত উন্নয়নের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে, বিশেষ করে শেনজেন শহর থেকে ৮০০ মাইল পশ্চিমে অবস্থিত গুইঝৌউর মতো তুলনামূলকভাবে অনুন্নত পাহাড়ি অঞ্চলে।
শুধুমাত্র রেকর্ড ভাঙার জন্য সেতুটি নির্মাণ করা হচ্ছে না। একবার চালু হলে গাড়ি ও ট্রাকের জন্য এই এলাকাটি অতিক্রম করা আগের চেয়েও সহজ হবে। রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে, হুয়াজিং গ্র্যান্ড ক্যানিয়ন পারাপার হতে এখন দুই ঘণ্টা সময় লাগে। সেতু নির্মাণের পর তা কমে মাত্র এক মিনিটে নেমে আসবে।
এই সেতুটি একটি ইস্পাত ট্রাস সাসপেনশন সেতু যার মোট দৈর্ঘ্য নয় হাজার ৪৮২ ফুট। গুইঝৌউর স্থানীয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এর নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে ১৮ জানুয়ারি ২০২২ সালে শুরু হয়েছিল এবং ৩০ জুন ২০২৫ সালে তা সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে এই ট্রাসগুলোর ওজন প্রায় ২২ হাজার টন, যা তিনটি আইফেল টাওয়ারের সমান।
গুইঝৌউ হাইওয়ে গ্রুপের প্রধান প্রকৌশলী ঝাং শেংলিন রাষ্ট্রীয় সংবাদপত্র চায়না ডেইলিকে বলেন, ‘বর্তমানে সেতুর ৯৫ শতাংশ নির্মাণকাজ শেষ হয়েছে এবং ২০২৫ সালের দ্বিতীয়ার্ধে এটি যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার পরিকল্পনা করা হয়েছে।’
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের শীর্ষ ১০০টি উঁচু সেতুর প্রায় অর্ধেকই গুইঝৌতে অবস্থিত।
সূত্র : সিএনএন